বাংলা লোকগানের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ চন্দনা মজুমদার নতুন গান নিয়ে আসছেন দ্রুত। এক নদী বিরহ বুকে/ চোখে তবু খরা/ আমারে আর কী মারিবি/ আমি প্রেমে মরা- এমন বিরহী কথামালায় ‘প্রেমে মরা’ শিরোনামের গানটির কথা ও সুর হাবিব মোস্তফার। তাতে সংগীতায়োজনে ছিলেন জাহিদ বাশার পঙ্কজ।
গানটি সম্প্রতি রেকর্ড হয়েছে রাজধানীর একটি স্টুডিওতে।
গানটি সম্পর্কে চন্দনা মজুমদার বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তবে, হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভেতরে একটি প্রবাহমান কান্নার অনুরণন পাবেন শ্রোতারা, যা তাদের মনকে প্রশান্ত করবে বলে বিশ্বাস করি।’
হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় চন্দনা মজুমদার বাংলা লোকগানের অন্যতম কণ্ঠ। আমার কথা-সুরে তিনি গেয়েছেন- বিষয়টি ভাবতেই মনের ভেতর অলৌকিক ভালোলাগা কাজ করছে। আশা করছি, শ্রোতারা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবেন গানটি।’
জি সিরিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে শিগগিরই প্রকাশ হবে গানটি।




