পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিন হতাশায় ভুগেছেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। কাউকে কিছু না জানিয়ে হুট করেই বিদায় নিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে। ফিরে এসেছেন নতুন উদ্যমে। নতুন সম্পর্কে থিতু হয়েছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি সেরে ফেলেছেন বাগদান।
কথিত আছে, জাস্টিন বিবার তার সঙ্গে অন্যায় করেছিলেন। এমনকি সেলেনা সম্পর্ক ভাঙার পরও অপেক্ষা করেছেন বিবারের জন্য। কিন্তু বিবার ফেরেননি তো বটেই, ভিন্ন সম্পর্কে জড়িয়েছেন বারবার। তবে এবার বিবার থিতু হয়েছেন শেষ পর্যন্ত। ২০১৮ সালে বিয়ে করেছেন আমেরিকান মডেল হেইলি ব্যাল্ডউইনকে। তাদের ঘরে রয়েছে একটি সন্তান। অথচ প্রাক্তন প্রেমিকা সেলেনার বাগদানের খবরে নাকি বিবার স্তব্ধ হয়েছেন!
সেলেনা গোমেজের সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে তার বাগদানের খবর প্রকাশ করে দারুণ দারুণ সব রোমান্টিক ছবি শেয়ার করেছেন। সেলেনা ভক্তদের ভাষ্যমতে, ইনস্টাতে রীতিমতো আগুন লেগে গেছে।
ঘোষণাটি সেলেনা-ভক্তদের জন্য যতটা আনন্দদায়ক ও উত্তেজনাময়, ঠিক ততটাই বিবার-ভক্তদের হতবাক করেছে। বুঝি, তারা তাদের প্রিয় পপ তারকার প্রতিক্রিয়ার অপেক্ষা করছিলেন।
রাডার অনলাইনের মতে, সেলেনা ও বিবার ২০১০-২০১৮ সাল পর্যন্ত ডেট করেছেন। তাদের চমৎকার একটি সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা আসে। সেলেনা-বিবারের ভক্তরা কষ্ট পেয়েছিলেন এতে। সেলেনা দীর্ঘ সময় একা ছিলেন। পরবর্তী সময়ে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও থিতু হননি। অবশেষে বেনি ব্ল্যাঙ্কোতে থিতু হলেন গায়িকা। অন্যদিকে বিবার একটি সন্তান নিয়ে হেইলির সঙ্গে সুখী সংসার করছেন। তারপরও প্রাক্তনের বিয়ের খবরে নিশ্চয়ই চমকে গেছেন! যদিও খবরটি প্রকাশের পর স্পষ্ট ভাষায় প্রাক্তনকে অভিনন্দন জানাতে পারেননি এখনও। অনেকে যাকে বলতে চাইছেন, ‘স্তব্ধ’ বা ‘বাকরুদ্ধ’ হয়ে আছেন বিবার!
তবে সূত্রটি এও বলছে, বিবার যেহেতু বিবাহিত এবং একজন বাবা, তাই সেলেনার বিয়ের খবরে তার প্রকাশ্য প্রতিক্রিয়া না পাওয়াটাই স্বাভাবিক।
বিবারের বয়স মাত্র ৩০। তিনি এখন সম্পর্ক নিয়ে আগের মতো সন্দিহান নন। তিনি সম্পর্কের ক্ষেত্রে বেশি চাপ নিতে বা দিতেও চান না। দিনের শেষে সুখী ও খুশি থাকাই এই পপ তারকার লক্ষ্য। যদিও সেলেনার বাগদানের বিষয়ে এখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়নি, তবে বিবারের কাছের মানুষরা মনে করেন, তিনি হয়তো এটা ভেবে খুশি যে তার আর সেলেনার প্রেম নিয়ে এবার কথা বন্ধ হবে।
তবে মজার ব্যাপার যা সবার চোখে পড়েছে, সেলেনার বাগদানের ঘোষণার পরপরই বিবার তার স্ত্রী হেইলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে ক্লোজআপ শটে বিবারকে ক্যাপ পরা অবস্থায় দেখা যাচ্ছে। আর হেইলি তার গালে চুমু খাচ্ছেন।
পোস্টটি শেয়ার করে বিবার লিজি ম্যাকঅ্যালপাইনের ‘অল মাই ঘোস্টস’ গানটির কিছু কথা লিখেছেন, যা সবার মনোযোগ আকর্ষণ করেছে।
প্রাক্তনের কাছে বিবারের এটি কোনও বিশেষ বার্তার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ভক্তরা অনুমান করছে যে বাগদানের খবরে এটি সেলেনার প্রতি বিবারের পক্ষ থেকে গোপন বার্তা!
সূত্র: হিন্দুস্তান টাইমস




