এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘মুভি বাজার’ এর দর্শক জরিপে ২০১৫ সালের সেরা অভিনেত্রীর নাম প্রকাশ পাচ্ছে শিগগিরই। ‘মুভি বাজার’ এর ফেসবুক পেজ (www.facebook.com/moviebazarbd)- এ একটি জরিপ চালানো হয় সম্প্রতি।
জরিপের সূত্র ধরে অন্তর্জাল দুনিয়ায় এতদিন মাহিয়া মাহি, অপু বিশ্বাস এবং পরীমনি’র ভক্তদের ভোটযুদ্ধে চলতে থাকে হাওয়া বদলের লড়াই। দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেত্রীর ২০১৫ সালের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন। সে মতামতের ভিত্তিতে এবার প্রকাশ হচ্ছে সেরা অভিনেত্রী-২০১৫ এর নাম। আর এটি ঘোষণা দিবেন চিত্রনায়ক রিয়াজ।
সেরা অভিনেত্রী ২০১৫ এর নাম ঘোষণার পাশাপাশি রিয়াজ তার সিনেমার নায়িকাদের নিয়ে এবং নিজের ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কথা বলবেন। এর আগে গত সপ্তাহে ‘মুভি বাজার’ জরিপে সেরা নায়ক হন শাকিব খান, নামটি ঘোষণা করেন পূর্ণিমা।
এবারের বিশেষ ‘মুভি বাজার’ প্রচার হবে ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায়। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনায় নুরুল আলম তরিত।
/এমএম/



