ভারতের ছত্তিশগড় রাজ্যে ছোট একটি সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এবং হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালসহ ছত্তিশগড়ের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল। ঘটনাস্থল ডালধোয়া রাইপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার এবং বলরামপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে।
বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার জানান, বাসটি একটি মোড় অতিক্রম করার সময় হঠাৎ করে একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে। চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।
/এমপি/








