দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষ বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই ভোট দিতে আসছেন। ভোটারদের সব ধরনের সহায়তা করতে সদা প্রস্তুত রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো টানা ছয় বছর ক্ষমতায় থাকার পর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। এবার দাভাও শহরের মেয়র রডরিগো দুদার্তে নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে তিনিই হয়তো হতে যাচ্ছেন ফিলিপাইনের পরবর্তী প্রেসিডেন্ট।
এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ছাড়াও একজন ভাইস প্রেসিডেন্টও বেছে নিচ্ছেন ফিলিপাইনের সাত হাজারের দ্বীপের ৫ কোটি ৪০ লাখ ভোটার।
এবারের নির্বাচনের প্রচারণা চলাকালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এমনকি গত শনিবার দেশটির উত্তরাঞ্চলে একজন মেয়র প্রার্থীও নিহত হয়েছেন। ফলে নির্বাচন উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। এক লাখের বেশি পুলিশ কর্মকর্তা নির্বাচনের বিশেষ দায়িত্ব পালন করছেন।
ফিলিপাইনের অর্থনীতির সংস্কার, অবকাঠামোর উন্নয়ন এবং দুর্নীতি ও অপরাধ মোকাবিলাই এবারের নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল। এ ছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে সীমানা বিরোধও ছিল প্রেসিডেন্ট নির্বাচনের এজেন্ডাগুলোর মধ্যে একটি। সূত্র: বিবিসি।
/এমপি/








