‘৫০টি হাতের আঙ্গুল, ৫০টি পায়ের আঙ্গুল আর ছয়টি হৃৎপিণ্ড একসঙ্গে স্পন্দিত হচ্ছিলো আমার ভেতরে। আমার শরীর পাঁচটি শিশুকে নিরাপদে জন্ম দেওয়ার জন্য আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটি করেছে।’
ফেসবুকে কথাগুলো লিখেছেন একজন মা যিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। কিম টুকি নামের ২৬ বছর বয়সী ওই মা তার ফেইসবুক পেজে গর্ভকালীন খুঁটিনাটি বিষয় প্রকাশ করেছেন।
এক পোস্টে তিনি জানান, সন্তানদের ও তার নিজের স্বাস্থ্যের কথা ভেবে চিকিৎসকরা তাকে দুটি সন্তান রেখে বাকিগুলোকে গর্ভপাত করিয়ে ফেলার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু কিম তার অনাগত সন্তানদের একজনকেও ফেলে দিতে পারেননি।
সম্প্রতি জানুয়ারি মাসে জন্ম নেওয়া এই পাঁচ সন্তানের ছবি প্রকাশ করেছেন সুস্বাস্থ্যের অধিকারী শিশুদের মা।
এরআগে অস্ট্রেলিয়ান কারেন্ট অ্যাফেয়ার নামের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ‘এক এক সময় মনে হতো আমার শরীর ভেঙ্গে আসছে। আমি যা করেছি আমার সন্তানদের কথা ভেবেই করেছি।’
প্রসঙ্গত, কিম ও তার স্বামী ভোগনের ৯ বছরের এক শিশুপুত্র এবং দুই ও চার বছরের দুই শিশুকন্যা রয়েছে।এবারের এই পাঁচটি সন্তানও গর্ভে এসেছে প্রাকৃতিকভাবেই। পঞ্চাশজন চিকিৎসকের এক বাহিনী পরিকল্পিত সি-সেকশনের মাধ্যমে শিশুগুলোকে ভূমিষ্ঠ হতে সাহায্য করেন। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








