ব্রাজিলের রিও ডি জেনারিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলে তা বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
ব্রাজিলে ২০১৫ সালে জিকা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। ভাইরাসটি ল্যাটিন আমেরিকা হয়ে নানা দিকে বিস্তার লাভ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) সে সময় জরুরি অবস্থাও ঘোষণা করে। হু থেকে বলা হয়, অন্য যে কোন দেশের চেয়ে ব্রাজিলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি।
এই ভাইরাসের অব্যাহত উপস্থিতি হাজার হাজার খেলোয়াড় ও দর্শককে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে হার্ভার্ড পাবলিক হেলথ রিভিউয়ে ডঃ আমির আত্তারান ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘অলিম্পিক গেমসের কারণে এই ভাইরাস দ্রুত ছড়াতে পারে।’ তিনি অন্য কোন নগরীতে এই খেলার আয়োজন করারও সুপারিশ করেন।
এক জার্নালে লেখা প্রবন্ধে তিনি বলেন, ‘পাঁচ লক্ষেরও বেশি মানুষ এখানে আসবেন, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে অনেক বেশি। তারা যখন নিজেদের দেশে ফিরে যাবেন, ভাইরাসটি আরও বিস্তার লাভ করবে। এডিস মশার কামড় ও যৌনমিলন থেকে সংক্রমিত হয় এই ভাইরাস।’
প্রসঙ্গত, আগামী ৫ অগাস্ট থেকে অলিপমিক গেমস শুরু হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যবিশেষজ্ঞদের এই সাবধানবাণী ব্রাজিলের জন্য একটি বাড়তি চাপ। কেননা ইতোমধ্যেই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমহ্রাসমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ব্রাজিল এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
/ইউআর/








