পাকিস্তানের পেশওয়ারের মিঠরা এলাকায় পর পর দুটি বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। বুধবার সকালে এ হামলা হয়। তবে এখন পর্যন্ত হামলার ব্যাপারে কেউ দায় স্বীকার করেনি।
সিনিয়র পুলিশ সুপার আবদুল মজিদ মারওয়াত জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জন বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, সন্ত্রাসবিরোধী বিভাগ ও পুলিশের সদস্য। আর বাকি ছয়জন বেসামরিক নাগরিক।
পুলিশ জানায়, বোমা দুটি রাস্তার পাশে পুঁতে রাখা ছিল। পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় প্রথম বোমাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত করা হয়। সে সময় এক পুলিশ সদস্য ও এক শিশুরোগ বিশেষজ্ঞ আহত হন। পরে বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত করা হয়। পরে আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়।
বোমাগুলোতে প্রায় সাড়ে ৪ কেজি বিস্ফোরক উপাদান ব্যবহৃত হয়েছে। সূত্র: ডন
/এফইউ/








