ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছে। নিহত সাংবাদিকের নাম আলেক্স বালকোবা (৫৬)। তিনি পিপলস ব্রিগেডা নামের একটি দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন। ম্যানিলা পুলিশ এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এ খুনের নিন্দা জানিয়েছে ফিলিপাইনের জাতীয় প্রেসক্লাব।
প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে পারিবারিক ঘড়ি মেরামতের দোকানের বাইরে হামলার শিকার হন আলেক্স।
বালকোবাকে গুলি করার পর একটি মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী পালিয়ে যান। সহকর্মী সাংবাদিকরা বালকোবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফিলিপাইনে সংবাদিক হত্যার বিচার না হওয়ায় এ ধরনের হত্যাকাণ্ড ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ফিলিপাইনের জাতীয় প্রেসক্লাব প্রেসিডেন্ট পল গুটিরেজ জানান, ২০১০ সাল থেকে ফিলিপাইনে এ ধরনের হামলায় ৩০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এখন পর্যন্ত এসব ঘটনায় কোনও সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করানো হয়নি। দেশে দায়মুক্তির সংস্কৃতির কারণেই এ ধরনের অপরাধ ঘটছে। কর্তৃপক্ষের বারবার অঙ্গীকার সত্ত্বেও তারা এখন পর্যন্ত এর কোনও সমাধান করতে পারেনি। সূত্র: দ্য স্টার।
/এমপি/








