চীনে ডিটারজেন্ট নিয়ে তৈরি একটি বিজ্ঞাপনকে এযাবতকালের সবচেয়ে বর্ণবাদী বিজ্ঞাপন আখ্যা দিয়ে তুমুল সমালোচনার পর অবশেষে কোম্পানিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। শনিবার কিয়াওবি লন্ড্রি ডিটারজেন্ট প্রস্তুতকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চেয়ে এক বিবৃতি দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিতর্কিত সে বিজ্ঞাপনটিতে ডিটারজেন্টের ব্যাপক কার্যকারিতা বোঝাতে গিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গায়ে ডিটারজেন্ট মাখিয়ে পরবর্তীতে তাকে ফর্সা করে হাজির করা হয়েছিল।
শনিবার কিয়াওবির প্রস্তুতকারী কোম্পানি সাংহাই লেইসাং কসমেটিকস কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, 'বিজ্ঞাপনটির কারণে আফ্রিকান লোকজনের অনুভূতিতে যে আঘাত পড়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।’
বিজ্ঞাপনটির লিংক সরিয়ে নিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে অনলাইনে লিংকটি শেয়ার না করার জন্য অন্যদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে। অবশ্য এরইমধ্যে ইউটিউবে বিজ্ঞাপনটি সাড়ে ৬ মিলিয়ন বার দেখা হয়ে গেছে। আরও পড়ুন: চীনে ডিটারজেন্টের বিজ্ঞাপনে কৃষ্ণাঙ্গকে হোয়াইট ওয়াশ, অনলাইনে সমালোচনার ঝড়
বিজ্ঞাপনে দেখানো হয়, এক চীনা নারী তার কাপড় ধুচ্ছেন। আর এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি মুখে রং মেখে ঘুরে বেড়াচ্ছেন। তারা দুইজন মুখোমুখি হলেন। এরপর সে চীনা নারী ওই কৃষ্ণাঙ্গ তরুণের মুখে ডিটারজেন্ট মেখে দিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওয়াশিং মেশিন থেকে বের হলেন এক ফর্সা চীনা তরুণ। আর তা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই নারী।
এক মাস ধরে বিজ্ঞাপনটি চীনের টেলিভিশনে প্রচারিত হয়ে আসলেও কয়েকদিন ধরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন ফোরামে ছড়িয়ে পড়েছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন, বিজ্ঞাপনটি বিরূপভাবে নির্মিত এবং বিব্রতকর।
ওয়াই ওয়াই কোডিং বিয়ার নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘হে প্রভু, চীনের বিপণন খাতের লোকজনের কী বণবৈষম্যের ব্যাপারে জানাশোনা নেই?’
অবশ্য, কোনও কোনও ব্যবহারকারী লিখেছেন, তারা বিজ্ঞাপনটিতে কোনও সমস্যা রয়েছে বলে মনে করেন না।
প্রাথমিক প্রতিক্রিয়ায় কিয়াওবি লন্ড্রি ডিটারজেন্টের মালিক শিয়া বলেছিলেন, তিনি বিজ্ঞাপনটির ব্যাপারে খুব বেশি কিছু জানেন না। বিবিসির চীনা সংস্করণকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট করে না দেখিয়ে দেওয়া পর্যন্ত তিনি বুঝতে পারেননি যে বিজ্ঞাপনটি বর্ণবাদী। শিয়া বলেন, ‘সত্যি কথা বলতে আমি খুব বেশি মনোযোগ দিয়ে বিজ্ঞাপনটি দেখিনি।’
বিজ্ঞাপনটি ইতালীয় একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের অনুকরণে তৈরি করা হয়েছে। তবে ইতালীয় সে বিজ্ঞাপনে দেখানো হয়েছিল বিপরীত চিত্র। সেখানে রঙিন ডিটারজেন্টের কার্যকারিতা বোঝাতে গিয়ে এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে ওয়াশিং মেশিনে ঢোকানোর পর কৃষ্ণাঙ্গ হিসেবে বের করা হয়েছিল।
চীনে বিরূপ বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারের চিত্র এটাই প্রথম নয়। চীনে ডার্লি ব্র্যান্ডের টুথপেস্টকে ‘কালো মানুষের টুথপেস্ট’ বলে ডাকা হয়ে থাকে। নতুন করে ব্র্যান্ডিং এর আগ পর্যন্ত ডার্লি টুথপেস্ট ডার্কি টুথপেস্ট নামেই পরিচিত ছিল। তবে অনেকের কাছেই টুথপেস্টের নাম পরিবর্তন কোনও গুরুত্ব বহন করেনি। সূত্র: বিবিসি
/এফইউ/








