এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মিয়ানমারে ‘জঙ্গিবিরোধী’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ অভিযানে মিয়ানমারের জঙ্গলে লুকিয়ে থাকা ৮ ভারতীয় বিদ্রোহী নিহত হন। ভারতীয় সেনাসূত্রকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। আরও ১৮ জন বিদ্রোহীকে আটক করে মিয়ানমার সরকারের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, গত ২২ মে আসাম রাইফেলসের বহরের ওপর জঙ্গি হামলার জবাবে শুক্রবার (২৭ মে) মিয়ানমারে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। গত বছর মণিপুরে এক সন্ত্রাসী হামলায় সিক্স ডোগরা রেজিমেন্টের ১৭ জন জওয়ান নিহত হন। আরও ১৬ জন আহত হন। তার পর মিয়ানমারে ঢুকে আক্রমণ চালিয়েছিল ভারতীয় বাহিনী। এর এক বছরের মাথায় আবার অভিযান চালানো হলো।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনী অভিযান চালিয়েছে, সেটি মিয়ানমারের ১৬ কিলোমিটার ভেতরে। গভীর জঙ্গলে ঢাকা ওই পার্বত্য এলাকা বেশ দুর্গম। মিয়ানমারের সেনাবাহিনীও সহজে ওই অঞ্চলে পৌঁছাতে পারে না। তাই ওই দুর্গম এলাকাতেই নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি বানিয়েছে উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহীরা।
মণিপুর, আসাম, নাগাল্যান্ড-সহ বিভিন্ন এলাকায় নাশকতা চালিয়ে মিয়ানমারের ওই জঙ্গলেই আশ্রয় নেয় তারা। মণিপুর উপত্যকায় যে সব সংগঠন সক্রিয়, সেগুলি পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কোরকম (কোর কমিটি) নামে একটি যৌথ মঞ্চ গড়ে তুলেছে। ভারতীয় বাহিনী সেই কোরকমের দুর্ভেদ্য ঘাঁটিতেই হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সূত্র: ইকোনমিক টাইমস, আনন্দবাজার
/এফইউ/








