গৃহযুদ্ধের কারণে প্রায় ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ঐতিহাসিক রাজপ্রাসাদ 'দারুল আমান'। এবার তা পুননির্মাণের উদ্যোগ নিয়েছে আফগান সরকার।
সোমবার প্রেসিডেন্ট আশরাফ গনি এর পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
বিবিসির আফগান বিভাগের ওয়াহিদ মাসুদ বলছেন, আফগান সরকার যে নিজ অর্থে এই কাজটি করছে - এর একটা বড় প্রতীকী অর্থ আছে। তিনি বলেছেন, এটা কেবল দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রয়াস নয়, যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্মিাণ প্রয়াসেরও প্রতীক।
উল্লেখ্য এই সা্বেক প্রাসাদটি ১৯২০ সালে তৈরি। পাহাড়ের ওপর অবস্থিত এই প্রাসাদটি ছিল এক আফগান রাজার। ব্রিটিশদের হারিয়ে আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা অর্জন করার পর রাজা আমানুল্লাহ এই সুন্দর প্রাসাদটি তৈরি করিয়েছিলেন। রাজধানী কাবুলের অনেক জায়গা থেকেই এই প্রাসাদটি দেখা যায়।
একসময় প্রাসাদটি আগুনে পুড়ে যায়। ১৯৭০ এবং ৮০র দশকে এটি সংস্কার করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতর হিসেবে ব্যবহার করা শুরু হয়। গৃহযুদ্ধ শুরুর পর এখানে মিলিশিয়ারা ঘাঁটি গাড়ে এবং তখন এর ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
২০১২ সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়। এ কাজে ২ কোটি ডলার ব্যয় হতে পারে। আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পগুলোর বেশির ভাগই বিদেশী অর্থে পরিচালিত হচ্ছে। সূত্র: বিবিসি, রয়টার্স।
/বিএ/








