সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়েছে আল শাবাব জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবারের এ হামলায় তারা হোটেলটিতে অন্তত একটি ভারী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।
অ্যাম্বাসেডর হোটেল নামের ওই হোটেলটির পাশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আল শাবাব জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। সংগঠনটি বলছে, তারা সেখানে একটি গাড়িবোমা হামলা চালিয়েছে।
সোমালিয়ায় আল শাবাবের এ ধরনের হামলা নতুন কিছু নয়। এর আগে গতবছরের জুলাইয়ে রাজধানী মোগাদিসুর দুটি হোটেলে আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ছয় বেসামরিক ও চার জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। ওই সময়ে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী সৈয়দ ও পার্লামেন্ট ভবনের নিকটবর্তী উইহলিয়া হোটেলে হামলা চালানো হয়েছিল। সূত্র: ইন্ডিপেনডেন্ট।
/এমপি/








