সিরিয়ায় স্থল অভিযান পরিচালনার কথা ভাবছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বিশেষ বাহিনী মোতায়েন করে স্থল অভিযান চালাতে পারেন। তবে এ বিষয়ে সেনা কমান্ডারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক পররাষ্ট্র বিষয়ক ডেপুটি মিনিস্টার অ্যান্দ্রে ফেওদরোভ বলেন, ‘বিষয়টি এখনও আলোচনার অধীনে রয়েছে। তবে এ বিষয়ে পরিকল্পনা রয়েছে।’
এই বাহিনীটি তৈরি করা হতে পারে সেই সেনাদের নিয়ে যারা স্বেচ্ছায় সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রপক্ষের সঙ্গে লড়াই করবে।
ফেওদরোভ আরও বলেন, ‘এটি আমাদের সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ নিয়ে বিতর্কও রয়েছে। এই বাহিনী মোতায়েন করলে পরবর্তীতে সমঝোতায় প্রভাব পড়বে কিনা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে মতানৈক্য তৈরি হবে কিনা তা নিয়েও ভাববার অবকাশ রয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র
উল্লেখ্য, রাশিয়া প্রায় আট মাসেরও বেশি সময় আগে থেকে সিরিয়া যুদ্ধে অংশ নিয়েছে। প্রথম অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, সিরিয়ায় স্থল অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই রাশিয়ার।
সূত্র: আল-জাজিরা
/ইউআর/বিএ/








