পাকিস্তানের বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ল’ কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার আমানুল্লাহ আচাকজাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার কোয়েটার স্পিনি রোডে তাকে হত্যা করা হয় বলে পুলিশ সূত্রের বরাতে নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানায়, বুধবার কর্মস্থলে যাওয়ার পথে আমানুল্লাহর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। সে সময় আমানুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা এরইমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং তদন্ত করছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে ব্যারিস্টার আমানুল্লাহ হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে সিভিল হাসপাতালে ভিড় করেছেন বেশ কয়েকজন আইনজীবী। সূত্র: ডন
আরও পড়ুন: কানাডা প্রবাসী তামিম চৌধুরীই আইএস-বাংলাদেশের আবু ইব্রাহিম!
/এফইউ/






