ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তর ঘনবসতিপূর্ণ রাজ্য রিও ডি জেনিরোর অর্থনৈতিক খাতে দুর্ভোগ নেমে এসেছে। সংকটের মুখে রাজ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ৫০ দিনের মধ্যে এই রাজ্যে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।
কর্তৃপক্ষের জারি করা এক ডিক্রিতে দরনেলেস বলেন, রাষ্ট্র ‘জনদুর্যোগ’ মোকাবেলা করছে, সব রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা ‘পুরোপুরি ভেঙ্গে পড়তে’ পারে।
অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো দরনেলেস বলেন, গুরুতর অর্থনৈতিক সংকটের কারণে অলিম্পিক গেমস ঝুঁকির মধ্যে পড়েছে। তবে সংকট মোকাবেলায় ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণের কথা জানিয়েছেন তিনি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়ুন: রাশিয়ার খেলোয়াড়দের নিষিদ্ধ করাকে 'অন্যায়' বললেন পুতিন
অলিম্পিকের তহবিলের বড় অংশ আসে রিও নগরীর রাষ্ট্রীয় কোষাগার থেকে। তবে যাতায়াত ও নিরাপত্তার ব্যয়ভার বহন করে রাষ্ট্র। অবশ্য খেলার বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তামের বড় অংকের অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই অর্থনৈতিক সংকটের কারণ হিসেবে তেল খাতে করের ঘাটতিকে দায়ী করেছেন গভর্নর। ব্রাজিলের গভীর অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ফেডারেল ইমারজেন্সি ফান্ড গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটের কারণে ব্রাজিলের বহু সরকারি চাকরিজীবী ও পেনশনধারীদের বেতন ও পেনশন বকেয়া রয়েছে। এ ছাড়াও হাসপাতাল ও পুলিশ স্টেশনগুলোর ওপরও এর গুরুতর প্রভাব পড়ছে। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








