শিগগিরই ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানে প্রথমবারের মতো চালকের আসনে বসতে যাচ্ছেন নারীরা। ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান চালাবেন আভানি চতুর্বেদী, ভাবনা কান্থ ও মোহনা সিং। পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার পর শনিবার গ্র্যাজুয়েশন প্যারেডে আনুষ্ঠানিক ভাবে তাদের যুদ্ধবিমানের পাইলটের স্বীকৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।
গত ২৫ বছর ধরেই নারী পাইলট রয়েছে ভারতীয় বিমানবাহিনীতে। কিন্তু হেলিকপ্টার বা পণ্যবাহী বিমান ছাড়া আর কিছুই ওড়ানোর সুযোগ মেলেনি তাদের। তবে গত কয়েক বছর ধরে স্থায়ী কমিশন দেয়ার পাশাপাশি নারীদের বেশকিছু সুবিধা দেওয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী। নারীদের জঙ্গি বিমান চালানোর অনুমতি দেয়া এক্ষেত্রে সর্বশেষ সংযোজন।
শনিবার কমিশন পাওয়া তিন নারীর প্রত্যেকেই প্রশিক্ষণের প্রথম ধাপ সাফল্যের সঙ্গে পেরিয়ে গেছেন। তিন জনেরই ১৫০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা আছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নারী বলে তাদের বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। যেকোনও জায়গায়, যেকোনও পরিস্থিতিতেই তাদের পাঠানো হবে।
যুদ্ধবিমান ওড়ানোর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শেষ করার পর, চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ নিতে তিন কন্যা হায়দারাবাদ থেকে এ বার কর্নাটকের বিদারে যাবেন। ছয় মাস প্রশিক্ষণের পর নিয়মিত স্কোয়াডে কাজ করবেন তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
/এফইউ/








