চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংহুতে ভয়াবহ টর্নেডো ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েকশ মানুষ। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া খবরটি নিশ্চিত করেছে।
সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রদেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি, শিলাঝড় ও টর্নেডোতে ইয়ানচেং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে।
অনলাইন সংবাদমাধ্যমে পোস্ট করা ছবিতে বিধ্বস্ত বাড়ি ও উল্টে যাওয়া গাড়িতে আহত মানুষজনকে পড়ে থাকতে দেখা গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে।
টর্নেডোর সময় ৭৮ মাইল বেগে ঝড়োবাতাস বয়ে গেছে জিয়াংহুর ওপর দিয়ে। সূত্র: বিবিসি
/বিএ/








