দ্বিতীয় দফা গণভোট দাবি করে ব্রিটিশ পার্লামেন্টে দাখিল করা পিটিশনে এ পর্যন্ত প্রায় ২৮ লাখ স্বাক্ষর জমা পড়েছে।
২৩ জুন ব্রেক্সিটের পক্ষে চূড়ান্ত রায় দেওয়ার পর অনেক ব্রিটিশ ভোটারই এখন মনে করছেন দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ পেলে তারা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে থাকার রায় দেবেন। এই দাবিকে আরো জোরালো করতেই ব্রিটিশ পার্লামেন্ট বরাবর একটি অনলাইন পিটিশন চালু করেছেন উইলিয়াম অলিভার হিলি নামে এক ব্রিটিশ নাগরিক।
হাউজ অব কমন্সের প্রতিনিধি জানিয়েছেন, গত ২৪ মে চালু করা ওই অনলাইন পিটিশনে শুরুতে স্বাক্ষরের হার কম থাকলেও দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফা গণভোটের দাবির প্রতি সমর্থন বাড়তে থাকে। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটের পিটিশন অংশে গিয়ে দেখা যায়, এ পর্যন্ত ২৭ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ ওই পিটিশনে স্বাক্ষর করেছেন। হাউজ অব কমন্সের ইতিহাসে এটিই সর্বাধিক সাক্ষরিত পিটিশন। অতিরিক্ত চাপের কারনে পিটিশন সার্ভারটি সাময়িকভাবে অকার্যকরও হয়ে গিয়েছিলো।
পিটিশনে উইলিয়াম অলিভার দাবি জানিয়েছেন, কমপক্ষে ৬০ শতাংশ ভোট আর ৭৫ শতাংশ ভোটার উপস্থিত না হলে ইউরোপ ত্যাগ করা যাবে না সরকারের এমন আইন করা উচিত। কিন্তু, ১৯৯২ সালের পর ব্রিটেনের কোন সাধারণ নির্বাচনে ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি ছিল না। ২০১৪ সালে স্কটল্যান্ডের গণভোটে অবশ্য ৮৪.৬% ভোটার উপস্থিতি ছিলো।
হাউজ অব কমন্সের নিয়ম অনুযায়ী কোন পিটিশনে ১ লক্ষ সাক্ষর জমা পড়লেই পার্লামেন্টে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গণভোটের আগে ঘোষণা করেছিলেন দ্বিতীয় দফা ভোটের কোন সুযোগ নেই, ইউরোপে থাকার ব্যাপারে সিদ্ধান্তের সুযোগ ব্রিটিশ জনগন একবারই পাবে। কিন্তু দ্বিতীয় দফা গণভোটের দাবিতে দাখিলকৃত পিটিশনের কারণে ব্রিটেনে আবারো গণভোট হবে কিনা এ বিষয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠান বাধ্যতামূলক হয়ে পড়েছে।
/বিএ/







