রমজান মাসে সন্ত্রাসবাদের শিকার হয়েছে ইরাক, তুরস্ক ও সৌদি আরব। গোটা মাসজুড়েই শোনা গেছে মুসলিম শরণার্থীদের বিপন্নতার আর্তনাদ। তবুও ঈদ এসেছে বছরের ধারাবাহিকতায়। আর যুদ্ধ-বিপন্নতা উপেক্ষা করেই তা উদযাপিত হচ্ছে দেশে দেশে।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে তারতম্য হয়ে থাকে। বুধবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার।
চলতি বছর রমজান মাসজুড়েই তৎপর ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলো। একের পর এক মুসলিম দেশে হামলা চালিয়ে গেছে তারা। বেশিরভাগ হামলারই দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন আইএস। সর্বশেষ সৌদি আরবের বিভিন্ন স্থানে বোমা হামলা হয়। সৌদি আরবে সোমবার দুইটি শহরে ব্যর্থ হামলার পর মদিনায় পরিচালিত হামলায় সফলতা পায় আত্মঘাতী হামলাকারী। জেদ্দা এবং কাতিফ শহরের হামলায় কেবল হামলাকারীরাই নিহত হয়েছেন। মদিনার হামলায় হামলাকারীসহ নিহত হন ৫জন। এর একদিন আগে ইরাকের বাগদাদে জোড়া বোমা হামলায় আড়াইশো মানুষের প্রাণহানি হয়। এদিকে গোটা রমজান মাসজুড়েই শোনা গেছে শরণার্থীদের বিপন্নতার আর্তনাদ। ২০ জুন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবর দেয়, শরণার্থী হিসেবে লিপিবদ্ধ হয়েছেন বিশ্বের ৬৫ মিলিয়ন মানুষ, যা মোট বৈশ্বিক জনসংখ্যার এক শতাংশ।
রক্তাক্ত সন্ত্রাস আর মানবিক এই বিপর্যয় সত্ত্বেও কোথাও থেমে নেই ঈদ আয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে ঈদ উদযাপিত হচ্ছে কিংবা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তা ছবিতে দেখে নেওয়া যাক-
ইন্দোনেশিয়ার ইয়োগিকার্তাতে শিশুরা হাতে লণ্ঠন নিয়ে মিছিল করতে করতে করতে এগিয়ে যাচ্ছে
মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকায় আতশবাজি উৎসব হচ্ছে
ঐতিহ্যবাহী মেহেদী পরে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের মুসলিম নারীরা
ঈদের আগে শেষ সময়ের মতো কেনাকাটায় ব্যস্ত ভারতের হায়দারাবাদের মুসলিমরা
ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন মানুষ
রাশিয়ার মস্কোর একটি মসজিদের বাইরে ঈদের নামাজ পড়ছেন মুসলিমরা
জার্মানির একটি শরণার্থী কেন্দ্রে আশ্রয় নেওয়া সিরীয় বাবা-মেয়ের ঈদ উদযাপন
সন্ত্রাসী হামলার কারণে বেচাবিক্রি ভালো না হওয়ার কথা জানালেন ইরাকের এক দোকান মালিক
সিরিয়ার দামেস্কের কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকা দুমাতে ঈদের প্রস্তুতি
সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








