জার্মানির বার্লিনে পূর্বদিকের একটি এলাকার পুনঃউন্নয়নের জন্য অবৈধ অধিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদরত বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১২৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার শহরটির ফ্রিয়েদরিচশেইন এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এদের কেউ কেউ মুখোশ পরে ছিল। পুলিশের অভিযোগ, তাদেরকে লক্ষ্য করে পটকা ছুঁড়ে মারা হয়েছে।
বিবিসি জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীরা দোকানের জানালা ও পুলিশের গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ৮৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্যমতে, এটি হত ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা।
উল্লেখ্য, থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রিয়েদরিচশেইন এলাকাটিকে অভিজাত এলাকায় রূপান্তর করতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়। জুনে এলাকাটির অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করা শুরু হলে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।
স্থানীয় অনেক বৈধ বাসিন্দাও অবৈধ বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল। তারা এলাকার অভিজাতকরণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিক্ষোভ মিছিল চলার সময় এই বৈধ প্রতিবেশীরা চামচ দিয়ে হাড়িপাতিল বাজিয়ে অবৈধ বাসিন্দাদের প্রতি সমর্থন জানায়।
সূত্র: বিবিসি
/বিএ/








