ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসে হামলার ঘটনায় সন্দেহভাজন ট্রাক চালকের বয়স ৩১ বছর। তার ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিকত্ব ছিল। পুলিশ সূত্রের বরাত দিয়ে ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম এবং নিস-ম্যাটিন এ তথ্য জানিয়েছে। তবে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিএফএম-এর খবরে বলা হচ্ছে ট্রাকের ভেতরে একটি পরিচয়পত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের মাধ্যমে জানা গেছে। আর ওই পরিচিতিপত্র অনুযায়ীই ট্রাক চালকের নাগরিকত্ব শনাক্ত করা হয়েছে। তবে ওই ট্রাক চালক নিস শহরের বাসিন্দা ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
স্থানীয় সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দুর্ঘটনা ছিল না। ইচ্ছাকৃতভাবেই ট্রাকটি ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৪ জুলাই ফ্রান্সে ন্যাশনাল ডে বা বাস্তিল দিবস হিসেবে পালিত হয়। সামরিক কুচকাওয়াজের মধ্যেই এই দিবসের সূচনা হয়। প্যারিসে আইফেল টাওয়ার সহ ফ্রান্সের অন্যান্য শহরে আতসবাজির রোশনাইয়ের মাধ্যমে উত্সবের সমাপ্তি হয়। কিন্তু এবার নিসে ভয়াবহ হামলার ঘটনায় সারা ফ্রান্স জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সূত্র: দ্য গার্ডিয়ান
/এফইউ/








