ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনের সময় ট্রাক হামলার ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত ও সজ্জিত’ হামলা বলে উল্লেখ করেছেন দেশটির প্রসিকিউটররা। তাদের দাবি, হামলা চালানোর আটদিন আগে থেকে মুখে দাড়ি রাখতে শুরু করে হামলাকারী মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল। তার আগে বৌহলেলের মধ্যে ধর্মপ্রাণ হওয়ার কোনও চিহ্ন ছিল না। বৌহলেলের পরিচিতজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটররা এমন দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন। নিহতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে। শুক্রবার ট্রাক চালক হিসেবে বৌহলেলকে শনাক্ত করে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানানো হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর ফ্রাসোয়া মলিন্স জানান, হামলার আটদিন আগে বৌহলেল দাড়ি রাখতে শুরু করেন বলে তারা জানতে পেরেছেন। সে সময় বৌহলেল বন্ধুদের বলেছিলেন, দাড়ির ধর্মীয় তাৎপর্য রয়েছে।
পুলিশের হাতে থাকা সাক্ষ্য-প্রমাণকে উদ্ধৃত করে মলিন্স বলেন, ‘অতীতে বৌহলেলের মধ্যে ধর্মপ্রাণ হওয়ার কোনও লক্ষণ ছিল না। সে শূকরের মাংস খেত, মদ পান করতো এবং নির্বিচারে যৌনজীবন যাপন করতো’।
এক প্রত্যক্ষদর্শীর বক্তব্যকে উদ্ধৃত করে মলিন্সের দাবি, অনলাইনে আইএসের শিরশ্ছেদের প্রতিকৃতি উপস্থাপন নিয়ে আলোচনা হলে বৌহলেল বলতেন ‘আমি তাতে অভ্যস্ত।’
আরেক পরিচিত ব্যক্তি পুলিশকে জানিয়েছেন আইএস কেন নিজস্ব এলাকা দাবি করতে পারে না তা নিয়ে চিন্তিত ছিল বৌহলেল। এছাড়া গোয়েন্দাদের জিজ্ঞাসার জবাবে বৌহলেলের স্ত্রীসহ অনেক পরিচিতজন জানিয়েছেন ‘তার সহিংস আচরণের’ কথা।
তবে ওই ট্রাক হামলার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকারের কথা বলা হলেও মলিন্স জানিয়েছেন এখন পর্যন্ত বৌহলেলের সঙ্গে সরাসরি আইএস কিংবা অন্য সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অবশ্য বৌহলেলের বাড়ি থেকে উদ্ধার হওয়া কম্পিউটারে বিভিন্ন উগ্রপন্থী ইসলামি সাইটের সহিংস ছবি ও জিহাদি ওয়েবসাইটে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
মোহাম্মদ লাহৌআইজ বৌহলেলের বয়স ৩১ বছর। পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক। তিউনিসিয়ার নিরাপত্তাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৌহলেল প্রায়ই তিউনিসিয়ায় আসা-যাওয়া করত। সর্বশেষ আট মাস আগেও দেশটিতে গিয়েছিল ওই চালক। সূত্র: গার্ডিয়ান
/এফইউ/








