ভারতের আসামে এক সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আসামের ঘটনার এক পর্যায়ে টাইমস অব ইন্ডিয়া ১৫ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল। পরে তা সরিয়ে নিয়ে ১৪ জনের নিহত হওয়ার কথা জানায় তারা।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী অন্তত চার থেকে পাঁচজন। তারা স্থানীয় একটি বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে এখনও অভিযান চলছে।
এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। তবে একে জঙ্গি হামলা বলে সন্দেহ করছেন কেউ কেউ। কেউ কেউ বলছেন, এটি বোরো বিদ্রোহীদের হামলা হতে পারে।
খোকড়াঝড় জেলার মুখ্য পুলিশ কর্মকর্তা শ্যামল প্রসাদ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘এখনও পর্যন্ত আমরা ১৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। হামলার সময় পরিচালিত নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একজন সামরিক কর্মকর্তা লে. কর্নেল নিউটন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা মনে করছি অন্তত ৩ জঙ্গি মিলে ওই হামলা পরিচালিত হয়েছে। তাদের একজন সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। অন্যদের খুঁজতে সেনা অভিযান পরিচালিত হচ্ছে।’
/বিএ/








