ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে ছয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা পার্শ্ববর্তী সিঙ্গাপুরে হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। এদিকে ইন্দোনেশিয়ায় ছয় সন্দেহভাজনকে গ্রেফতারের খবরের প্রতিক্রিয়ায় সিঙ্গাপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র আগুস রিয়ান্টো সাংবাদিকদের জানান, ‘বাতাম হয়ে সিঙ্গাপুরে হামলা চালানোর জন্য সিরিয়ার এক আইএস সদস্যের সঙ্গে পরিকল্পনা করছিলেন এই সন্দেহভাজনরা। এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাহল, তারা গুরুত্বপূর্ণ স্থাপনা, পুলিশের কার্যালয়সহ ব্যস্ত এলাকাগুলোতে হামলার পরিকল্পনা করছিল।’
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ছয় সন্দেহভাজনের সঙ্গে বাহরুন নাইমের সংযোগ রয়েছে। বাহরুন একজন ইন্দোনেশীয় নাগরিক এবং তিনি সিরিয়ায় আইএস-এর হয়ে লড়াই করছেন। ইন্দোনেশিয়ার তদন্তকারীদের ধারণা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলার পরিকল্পনাকারীদের একজন তিনি। ওই হামলায়, চার হামলাকারীসহ আটজন নিহত হয়।
পুলিশের মুখপাত্র রিয়ান্টো আরও জানান, ‘বাহরুন নাইমের সঙ্গে গ্রেফতারকৃতদের সংযোগ রয়েছে। কেননা, তাদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু গ্রেফতারকৃতরা বাহরুন নাইমের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা তদন্ত করা হচ্ছে।’
বাতামের স্থানীয় সংবাদমাধ্যম বাতাম পসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের বেশিরভাগই কারখানা শ্রমিক। তাদের বয়স ১৯ থেকে ৪৬ বছরের মধ্যে। কোনও কোনও মিডিয়া আবার বলছে, সন্দেহভাজনরা সিঙ্গাপুরে রকেট হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। অবশ্য, এ খবরটি ইন্দোনেশীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
ফেরি চলাচল এবং উপকূলবর্তী রিসোর্টের কারণে বাতামের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগ রয়েছে। বাতাম থেকে ছয় সন্দেহভাজন গ্রেফতার হওয়ার পর অভ্যন্তরীণ ও সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারের ঘোষণা দেয় সিঙ্গাপুর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নতুন এ ঘটনা সিঙ্গাপুরে সন্ত্রাসবাদের হুমকির চরম দিককে সামনে এনেছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ মালয়েশিয়ার বেশ কয়েকজন নাগরিক আইএসে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গিয়েছে বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। তাছাড়া আইএসকে সমর্থেন দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরেও বিভিন্ন সময়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইন্দোনেশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা নাইম ও আইএসের অন্য নেতারা ইন্দোনেশিয়া ও অন্য দেশের সমর্থকদেরকে নিজ নিজ দেশে হামলা চালানোর জন্য উদ্বুদ্ধ করতে পারে।
বহু জাতিগোষ্ঠীর দেশ সিঙ্গাপুরে এখন পর্যন্ত সফল হামলা চালাতে পারেনি ইসলামী জঙ্গিরা। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে হামলার পর বেশ কয়েকটি দূতাবাসে বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েচিল দেশটির কর্তৃপক্ষ। তবে সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আশঙ্কা জানিয়েছেন, এ বাণিজ্য কেন্দ্রটিও আইএসের লক্ষ্যবস্তু হতে পারে। সূত্র: রয়টার্স
/এফইউ/








