শাহরাম আমিরি নামে এক ইরানি বিজ্ঞানীকে ২০১০ সালে আটক করা হয়। ইরানের কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে তার পরিবার নিশ্চিত করেছে।
ওই বিজ্ঞানীর মা জানিয়েছেন, তার ছেলের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। তিনি জানান, গলায় রশির দাগ দেখে বোঝা যায় যে, শাহরাম আমিরিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসার পর শাহরাম আমিরিকে সিআইএ-এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আটক করে গোপন স্থানে রাখা হয়।
সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, শাহরাম ইরানের পারমাণবিক কর্মসূচীর সঙ্গে যুক্ত ছিলেন।
শাহরাম ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে মক্কায় হজ পালন করতে যান। সেখান থেকেই তিনি নিখোঁজ হন।
এক বছর পর তিনি ভিডিও ফুটেজে অভিযোগ করেন, সিআইএ তাকে অপহরণ করে আটকে রাখে। তাকে ইরানের পারমাণবিক কর্মসূচী সম্পর্কে তথ্য দিতে চাপ দেওয়া হয়।
২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। তখন তাকে তেহরানে নায়কোচিত সংবর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু এই কিছুদিন পরই ইরানের গোয়েন্দারা তাকে আটক করে।
সূত্র: বিবিসি।
/এসএ/বিএ/








