সিরিয়ার আলেপ্পো নগরীতে সহস্রাধিক সেনা মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদের অনুগত সেনাদের সঙ্গে যুক্ত হয়েছে লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ’র মিলিশিয়ারাও। উভয় পক্ষ মিলে সেখানে তিন হাজার সেনা সমাবেশ করেছে। সরকারবিরোধী বিদ্রোহীদের ঠেকাতে এবং তাদের হাতে হারানো এলাকা পুনরুদ্ধারে সেখানে এ সেনা সমাবেশ করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ সেনা সমাবেশের খবর নিশ্চিত করেছে।
আলেপ্পোয় সরকারি বাহিনীর অবরোধ ভাঙার বিদ্রোহীদের প্রচেষ্টায় সাম্প্রতিক এ লড়াইয়ের সূত্রপাত হয়। সম্প্রতি বিদ্রোহীরা দাবি করে, তারা আলেপ্পো নগরীর দখল নিয়েছে। তবে আসাদ বাহিনীর পক্ষ থেকে সেই দাবি অস্বীকার করা হয়। এরপর গত রবিবার সেখানে বিমান হামলা চালানো হয়। বিদ্রোহীদের দাবি, আসাদ বাহিনীর সঙ্গে রাশিয়াও এই হামলায় অংশ নিয়েছে।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)-এর প্রধান রামি আবদেল রাহমান। তিনি বলেন, বিদ্রোহী বাহিনীর কয়েকশ মিলিশিয়াও সম্ভাব্য লড়াইয়ে সহায়তার জন্য পার্শ্ববর্তী ইদলিব থেকে আলেপ্পোতে পৌঁছেছে।
বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ’র যোদ্ধারা।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা’র খবরে বলা হয়েছে, ‘আলেপ্পোর দক্ষিণে সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র হামলা চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।’
উল্লেখ্য, আলেপ্পো একসময় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচিত হতো। এই নগরীতে অত্যন্ত সমৃদ্ধ স্থাপত্য নিদর্শন রয়েছে যার অনেক কিছুই গত পাঁচ বছরের গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেছে।
/এমপি/








