দক্ষিণ কোরিয়ার প্রায় ৯০০ নাগরিক মার্কিন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন।
সরকারের মার্কিন-মিসাইল প্রতিরক্ষা পরিকল্পনার প্রতিবাদে মাথা মুড়িয়ে ফেলেছেন ওই ৯০০ নাগরিক। সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শেওংজু রাজ্যে এই অভিনব প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
উত্তর কোরিয়ার মিসাইল হুমকির মুখে দক্ষিণ কোরিয়া সরকার যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের অধীনে শেওংজুর এক শহরে মিসাইল বিরোধী ইউনিট স্থাপনের পরিকল্পনা করে সরকার।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থ নিউক্লিয়ার পরীক্ষা পরিচালনা করে ও মিসাইল পরিচালনার জন্য এক স্যাটেলাইটও চালু করে। এরই প্রেক্ষিতে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স বা থাড প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেওংজুর অধিবাসীরা এর প্রতিবাদে মাথা মুড়িয়ে প্রতিবাদে অংশ নেন। প্রতিবাদের সংগঠকরা জানান, তারা শুধু শেওংজুতে নয়, বরং দক্ষিণ কোরিয়ার কোথাও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরিকল্পনা বাস্তবায়নের পক্ষপাতী নন।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শেওংজুর পরিবেশ ও বাসিন্দাদের ওপর থাডের প্রভাব যেন না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে সোমবার এক বক্তৃতায় বলেন, ‘উত্তর কোরিয়ার বেপরোয়া উস্কানির প্রেক্ষিতে আমাদের দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা থাড বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র রয়টার্স
/ইউআর/বিএ/








