মরক্কোতে দুই ইসলামপন্থী রাজনীতিবিদের যৌন কেলেঙ্কারি নিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। এই দুই রাজনীতিবিদকেই গ্রেফতার করা হয়েছে। শিগগিরই মামলাটি আদালতে উঠতে যাচ্ছে।
মৌলে ওমর বেনহাম্মাদ(৬৩) এবং ফাতেমা নেজ্জার (৬২) রিফর্ম অ্যান্ড ইউনিটি পার্টি এবং জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ধর্মীয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট। রাজধানী রাবাতের ৬০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর নগরী মোহাম্মেদিয়ার সমুদ্র সৈকতে তাদের সঙ্গমরত অবস্থায় আবিষ্কার করা হয়।
সাত সন্তানের জনক বেনহাম্মেদের স্ত্রী ‘পরকীয়া’র অভিযোগে মামলা দায়ের করতে অসম্মতি প্রকাশ করলেও মরক্কোতে প্রচলিত আইন অনুযায়ী বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক একটি গুরুতর অপরাধ হওয়ায় ইতোমধ্যে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর মামলাটির শুনানি শুরু হবে আদালতে।
এদিকে বিধবা ও ছয় সন্তানের জননী নেজ্জারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। ভিডিওতে তিনি সম্পূর্ণ ইসলামি পদ্ধতিতে পর্দা করে ক্যামেরার সামনে আসেন ও অকারণ উত্তেজনা পরিহার করার আহ্বান জানান।
উল্লেখ্য, মরক্কোতে যৌন স্বাধীনতা নিয়ে ব্যপক বিতর্ক বিদ্যমান। সে দেশের পেনাল কোডের ৪৯০ নম্বর ধারায় বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে শাস্তির বিধান। মানবাধিকার কর্মীরা এই ধারার বিলোপ দাবী করে আসছেন। প্রাপ্ত বয়স্ক নারীপুরুষের পারস্পরিক সম্মতিতে সহবাসের অধিকার থাকা উচিত বলে দাবি করেন তারা।
সূত্র আলজাজিরা
/ইউআর/








