ইয়েমেনে একটি সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। চিকিৎসা সহায়তাকারী সংগঠন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার উত্তরাঞ্চলীয় এলাকা এডেনের একটি প্রশিক্ষণ শিবিরে এক হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশ করে। এর পর প্রশিক্ষণরত সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়িবোমাটি বিস্ফোরিত করা হয়। এখন পর্যন্ত সোমবারের হামলার দায় কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, এডেন শহরটি ইয়েমেনের সরকারি বাহিনীর সাময়িক ঘাঁটি বলে বিবেচিত হয়। নিরাপত্তা বাহিনীসহ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে শহরটিতে প্রায়ই হামলা হয়ে থাকে। তাছাড়া ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ৬ হাজার ৬শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। সূত্র: রয়টার্স, আল জাজিরা
/এফইউ/








