মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে ‘ক্ষমাহীন’ অবস্থান ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে অভিবাসন সংকট ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা হবে। আর ওই দেওয়ালের অর্থ মেক্সিকোকে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
মেক্সিকো সফর শেষে বুধবার (৩১ আগস্ট) রাতে ট্রাম্প এসব কথা বলেন। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই দাবি করে আসা অবস্থানে অনড় থেকে তিনি বলেন, ‘আমরা আমাদের দেশ ফেরত চাই।’
তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত করা মাত্র তাদের ফেরত পাঠানো হবে, এ বিষয়ে ট্রাম্প প্রশাসন থাকবে ক্ষমাহীন।’ ট্রাম্প আরও বলেন, ‘মেক্সিকো সীমান্ত বরাবর দুই হাজার মাইল দীর্ঘ দেয়াল তোলা হবে, যাতে সেন্সর লাগানো থাকবে।’
ট্রাম্প বলেন, ‘ওই দেয়াল নির্মাণের খরচও মেক্সিকোই দেবে। তিনি আরও জানিয়েছেন, ওবামা প্রশাসন যে ৮ লক্ষ অভিবাসীকে কর্মসংস্থানের অনুমতি দিয়ে একটি প্রকল্প চালু করেছিল, তা-ও বাতিল করবেন তিনি।
সূত্র: গার্ডিয়ান।
/ইউআর/এসএ/








