পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তার দেশ ভারতের সঙ্গে সংঘাতের অবসান চায়। তবে কাশ্মির সংকট জিইয়ে রেখে দুই দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। নওয়াজ শরিফ বলেছেন, সবকিছুর পরও ভারতের সঙ্গে শর্তহীন সংলাপে পাকিস্তান তৈরী রয়েছে।
২১ সেপ্টেম্বর (বুধবার) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া ভাষণে দিল্লি-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই মূল্যায়ন হাজির করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে; ঠিক সেই সময় এমন মন্তব্য করলেন নওয়াজ শরীফ। নওয়াজ বলেন ‘সংঘাত দক্ষিণ এশিয়ারন গন্তব্য হতে পারে না। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায়।’ তবে কাশ্মির সংকটের নিরসন ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন। এখন পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের প্রথমদিকে পাঞ্জাবের পাঠানপকোটে ভারতের বিমানঘাঁটিতে হামলার জন্যও ওই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করেছিল ভারত। শুরু থেকেই ভারত দাবি করে আসছে, জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে ।
কাশ্মিরের সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার জন্য ভারত যখন পাকিস্তানকে দায়ী করছে, পাকিস্তান তখন তা নাকচ করে পাল্টা অভিযোগ আনে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরে তীব্র সহিংস গণবিক্ষোভ থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে ভারত। এই সমস্যার সমাধানে ইসলামাবাদ সর্বতভাবে তৈরী রয়েছে বলে জাতিসংঘ ভাষণে জানিয়েছেন নওয়াজ।
৭১তম সাধারণ বিতর্কে অংশ নিয়ে নওয়াজ অভিযোগ করেন, ৫ লাখেরও বেশি সেনা দিয়ে ভারত জোর করে কাশ্মির দখল করে রেখেছে। তারা সেখানে নির্মম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে নওয়াজ তার ভাষণে আরও বলেন, ভারতের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই শুরু করেছে কাশ্মিরের তরুণরা।
বক্তৃতায় কাশ্মির প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নওয়াজ। সেখানে মানবাধিকার হরণ করা হচ্ছে উল্লেখ করে ভারতের ভূমিকা খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি। একইসাথে রাজবন্দীদের মুক্তি এবং দ্রুততার সঙ্গে সেনা প্রত্যাহারও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
/বিএ/আপ-এরআরএল/








