সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে কুয়ালালামপুরে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক মাস দুয়েক আগে গুলশান হামলায় জড়িত এক সন্দেহভাজনের সঙ্গে দেখা করেছিলেন। আর তার প্রেক্ষিতে মালয়েশীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ওই ব্যক্তির বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনা ছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আইএস’সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এক বাংলাদেশিসহ ৪ জনকে গ্রেফতার করে মালয়েশিয়ার পুলিশ। গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর সময়ে পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্টার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছিল। এদের মধ্যে বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি ছিল বলেও জানানো হয়।
আর সূত্রের বরাত দিয়ে স্টার অনলাইন শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশি ব্যবসায়ী গুলশান হামলার সন্দেহভাজন আন্দালিব আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। আন্দালিব মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় থাকার পর আন্দালিব ইস্তাম্বুলে পাড়ি জমায় বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তাছাড়া বাংলাদেশের আরও অনেকের সঙ্গে গ্রেফতার হওয়া ব্যক্তির নিয়মিত বৈঠক হতো বলেও জানানো হয়।
সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশে একে-৪৭ রাইফেল পাচারের সঙ্গেও গ্রেফতারকৃত বাংলাদেশির সংশ্লিষ্টতা ছিল।
বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশের আইজি খালিদ আবু বকর জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন বিদেশি এবং একজন মালয়েশীয়। গ্রেফতারকৃত বিদেশিদের সবাইকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানানো হয়। খালিদ জানান, গত ১৯ আগস্ট ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইজি খালিদ আবু বকর আরও জানিয়েছেন, আটক বাংলাদেশি নাগরিক একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। গত ২ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশি ছাড়া অপর দুই বিদেশি নাগরিকের একজন নেপালি এবং অপরজন মরক্কোর নাগরিক। গ্রেফতারকৃত নেপালি নাগরিক মালয়েশিয়ায় বিনোদন সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতেন। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের জন্য ভ্রমণ সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়।
২৬ বছরের মরক্কোর নাগরিককে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি এর আগে সিরিয়ায় প্রবেশের অপচেষ্টার দায়ে তুরস্কে গ্রেফতার হয়েছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার পর গত মে মাসে তিনি মালয়েশিয়ায় চলে আসেন। ২ আগস্ট গ্রেফতারের পর ২১ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ৩৪ বছরের মালয়েশীয় নাগরিক একজন ব্যবসায়ীর গাড়িচালক ছিলেন। তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে আইএসের পক্ষে প্রচারণা চালাতেন।
সূত্র: দ্য স্টার অনলাইন
/এফইউ/








