ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার পরমাণু বোমা হামলার হুমকিও সামনে আসলো। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই হুমকি দিয়েছেন। তার দাবি, এই হামলায় ভারত ধ্বংস হয়ে যাবে।
সম্প্রতি ভারতের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরম আকার ধারণ করে। ভারতের দাবি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা ওই হামলা চালিয়েছে। এরই ফলশ্রুতিতে বৃহস্পতিবার ভারত-পাকিস্তান এলওসি এলাকায় শুরু হয় গোলাগুলি। ভারতের সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সৈনিক নিহত হয়েছেন বলে পাকিস্তান নিশ্চিত করেছে।
এর পরপরই এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতে পরমাণু বোমা হামলা চালানোর হুমকি দেন। তিনি বলেন, ‘আমাদের দেশে যে পরমাণু অস্ত্রের সম্ভার রয়েছে, তা সাজিয়ে রাখার জন্য বানানো হয়নি। কেউ যদি পাকিস্তানের ওপর হামলা চালায়, প্রয়োজনে তাদের ওপর ওই বোমা প্রয়োগ করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা কোনওভাবেই চুপ করে থাকব না। প্রয়োজনে তাদের ধ্বংস করে দেওয়া হবে।’
পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘিত হলে তার পালটা জবাব দিতে পাকিস্তানের বিমান বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কাশ্মির প্রসঙ্গে খাজা আসিফ দাবি করেন, ‘কাশ্মির ভারত থেকে আলাদা হয়ে যাবে। কাশ্মিরের মানুষ স্বাধীনতা সংগ্রামে জয়ী হলে ভারতের ঐক্য আর থাকবে না। ভারত টুকরো টুকরো হয়ে যাবে।’
তিনি আরও দাবি করেন, ‘ভারত কাশ্মির ইস্যুতে কারও সমর্থন পায়নি। কিন্তু পাকিস্তানের পাশেই রয়েছে চীন।’
কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে চালানো হামলা ভারত নিজেই চালিয়েছে বলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন। কাশ্মির সমস্যা থেকে দৃষ্টি ফেরাতেই ভারত ওই হামলা চালায় বলে তিনি দাবি করেন।
ভিডিও:
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/








