জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে যে হামলা হয়েছে, তা আত্মঘাতী হামলা ছিল বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
বারামুল্লা জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। দুই সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে আবারও এমন ঘটলো। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর ভারতীয় সেনাসূত্রের বরাত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম। আর দুই জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে দ্য হিন্দুর খবরে।
রবিবার বারামুল্লাতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত ‘৪৬ রাষ্ট্রীয় রাইফেলস’এর (রাষ্ট্রীয় রাইফেলস ভারতের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট) ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগে ভাগ হয়ে হামলায় অংশ নেয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারে। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। ধরনের দিক থেকে হামলাটি আত্মঘাতী ছিল বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বিশ্বস্ত নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে তাদের খবরে বলা হয়, ওই আত্মঘাতী হামলাকারীরা সেনা ক্যাম্পের দিকে এগিয়ে এলেও ভেতরে প্রবেশ করতে পারেনি।
দ্য হিন্দু নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোলাগুলিতে এক জওয়ান নিহত এবং আরেক জওয়ান আহত হয়েছে। ঘটনার দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে এক টুইটার বার্তায় জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড।
/বিএ/আপ-এআরএল/
আরও পড়ুন:








