ভারতের দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-কে সীমান্ত সংঘর্ষ উল্লেখ করে পাকিস্তান যে প্রচারণা চালাচ্ছে তা মিথ্যে প্রমাণ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পরিচালিত সেই অভিযানের ভিডিও প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার তিন মিনিটের একটি ভিডিওতে আম আদমি পার্টির (এএপি) নেতা কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একশোটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু পাকিস্তানের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি আমি’।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। এরপর বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে মিথ্যে দম্ভ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যে প্রমাণের জন্য।
এদিকে, উরিতে হামলার সৃষ্ট উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ফোনালাপ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সেনাঘাঁটিতে হামলা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনার প্রেক্ষিতে উভয় দেশের নিরাপত্তা উপদেষ্টারা পরস্পরের সঙ্গে কথা বললেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাজির জানুয়া নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনা নিরসনে একমত হয়েছেন বলে জানিয়েছেন সারতাজ আজিজ। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা নিরসন করে কাশ্মিরে মনোযোগ দিতে চায় পাকিস্তান।’ আর রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত কখনও কোনও দেশ আক্রমণ করেনি।
জম্মু-কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা এবং এর আশপাশ ঘিরে চলমান উত্তেজনায় ভারত ও পাকিস্তান, দুই দেশের সেনাপ্রধানের সুরেই যুদ্ধের আভাস পাওয়া গেছে। পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে ভারতের সম্ভাব্য সব রকমের আঘাতের সমুচিত জবাব দেওয়ার হুমকির পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধপ্রস্তুতির আলামত, এবং এ নিয়ে সেনাপ্রধানের সন্তুষ্টির খবর পাওয়া গেছে। ওদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ড (নর্দার্ন কমান্ড) পরিদর্শন করতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলোও যুদ্ধের প্রস্তুতিকেই ইঙ্গিত করে। দুই দেশের সীমান্তে সেই যুদ্ধের আলামতও পাওয়া গেছে। ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ও আহ্বান জানিয়ে আসছে।সূত্র: এনডিটিভি।
/এএ/








