বরফ আচ্ছাদিত মেরু অঞ্চল অ্যান্টার্কটিকায় অবস্থিত রস সাগরকে বিশ্বের দীর্ঘতম সুরক্ষিত সামুদ্রিক এলাকায় (এমপিএ) পরিণত করার ব্যাপারে সমঝোতা হয়েছে। পাঁচ বছর ধরে আলোচনার পর অবশেষে শুক্রবার (২৮ অক্টোবর) ২৪টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এ সমঝোতা হয়। এর আওতায় অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগরের ৬ লাখ বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত রস সাগরে ৩৫ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ করা হবে। এরইমধ্যে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা।
উল্লেখ্য, রস সাগর এলাকার বাস্তুসংস্থানজনিত প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে আদিম সামুদ্রিক বাস্তুসংস্থান বলে বিবেচনা করা হয়ে থাকে। ৩৮ শতাংশ এডেলি পেঙ্গুইন, ৩০ শতাংশ অ্যান্টার্কটিক সামুদ্রিক পাখি এবং ৬ শতাংশ অ্যান্টার্কটিক তিমির আবাস সেখানে। তাছাড়া তিমি ও সীলের অন্যতম খাবার ক্রিলেরও ব্যাপক আবাস সেখানে।
রস সাগর এলাকাটিকে সুরক্ষিত সামুদ্রিক এলাকায় পরিণত করার প্রস্তাব দেয় নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। পাঁচ বছর ধরে প্রস্তাবটি নিয়ে আলোচনা চললেও সবসময় তা কোনও অগ্রগতি ছাড়াই ভেস্তে গেছে। সর্বশেষ দুই সপ্তাহ আগে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। আর শুক্রবার সব দেশই প্রস্তাবটি বাস্তবায়নের ব্যাপারে সম্মতি দেয়। প্রস্তাবিত সামুদ্রিক এলাকা থেকে সামুদ্রিক প্রাণী কিংবা খনিজ উপকরণ সরানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে।
/এফইউ/








