নারী ভোটারদের কাছে টানতে আবারও ট্রাম্পের বিরুদ্ধে নারীর প্রতি সহিংসতার অভিযোগ তুললেন হিলারি। গত ৩০ বছরে তার ভূমিকা বিশ্লেষণ করে হিলারি দাবি করেছেন, নারী-নিপীড়ন, নারীকে অবমাননা ও অপমানের ক্ষেত্রে ট্রাম্পের সুদীর্ঘ ৩০ বছরের ইতিহাস রয়েছে।
মঙ্গলবার ফ্লোরিডায় আয়োজিত নির্বাচনি সমাবেশের মঞ্চে সেই আলিসিয়াকে নিয়ে হাজির হন হিলারি। নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে হিলারি বলেন, ‘মানুষকে অপমান করা যে ঠিক নয় সেই শিক্ষা তো আমরা প্রাথমিক স্কুলেই পাই।’
উল্লেখ্য, ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত ৭ অক্টোবর ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন। সেই অডিও ফাঁসের পর ট্রাম্পের বিরুদ্ধে আরও বেশ কয়েকজন নারী নিপীড়নের অভিযোগ আনেন। তাদেরই একজন সাবেক মিস ইউনিভার্স আলিসিয়া মাচাডো। আলিসিয়া অভিযোগ করেছিলেন, তার ওজন বেড়ে যাওয়ার পর ট্রাম্প তাকে ‘মিস পিগি’ বলে ডাকতেন।
হিলারি কোনও দায়িত্বই শেষ করেননি বলে ট্রাম্প যে সমালোচনা করে থাকেন তা নাকচ করে দিয়ে হিলারি দাবি করেছেন, ৩০ বছরে তিনি অনেক ধরনের ভূমিকা পালন করেছেন। অথচ ৩০ বছরের অধিকাংশ সময় ট্রাম্প নারীদের ওপর নিপীড়ন চালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে হিলারি বলেন, ‘আপনারা জানেন, ওই বিতর্কগুলোতে ট্রাম্প সবসময় প্রশ্ন তুলতেন আমি ৩০ বছর ধরে কী করেছি? আর সবসময়ই আমার কাছে এ প্রশ্নটি বাজে বলে মনে হয়েছে। কেননা, তিনি গুগলে অনুসন্ধান করলেই পেয়ে যাবেন যে, আমি একজন আইনজীবী ছিলাম, ফার্স্ট রেডি ছিলাম, সিনেটরের দায়িত্ব পালন করেছি, পররাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি, আমি একজন স্ত্রী, মা, নানি, বন্ধু, চার্চে যোগদানকারী এবং জীবনভর আমি একজন নারী!’
আর ৩০ বছরে ট্রাম্পের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে হিলারি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এখন আমরা যা জানি এবং ৩০ বছর ধরে তিনি যা করছেন তা নিয়ে যদি ভাবি তাহলে নিশ্চিতভাবে বলা যায়, বেশিরভাগ সময় তিনি নারদের অবমাননা, অপমান, অবমূল্যায়ন ও নিপীড়ন করে কাটিয়েছেন।
সমাবেশে ট্রাম্পকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেন আলিসিয়া। তিনি জানান, ট্রাম্পের মন্তব্যের পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সূত্র: বিবিসি, পলিটিকো
/এফইউ/বিএ/







