আফগানিস্তানের কাবুলে নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। ওই হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
বুধবারের হামলার খবরটি নিশ্চিত করলেও ওই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ‘আত্মঘাতী হামলাকারী একটি মোটরবাইকে ছিলেন এবং পুল মাহমুদ খান এলাকায় বোমাটি বিস্ফোরিত করেন। হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান কনস্যুলেটে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়। একে ‘প্রতিশোধমূলক হামলা’ উল্লেখ করে দায় স্বীকার করেছিল তালেবান। তাদের দাবি, চলতি মাসের শুরুতে কুন্দুজে মার্কিন বিমান হামলায় ৩২ নিহত হওয়ার প্রতিশোধ এটি। তবে বুধবারের হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
/এফইউ/








