পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড়দিনের উৎসব উদযাপনের সময় বিষাক্ত মদ পানে অন্তত ৩২ জন মারা গেছেন।
পাঞ্জাবের তোবা টেক সিং শহরে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন বড়দিনের একটি পার্টিতে পরিবেশিত ঘরে তৈরি মদ পান করেন। ওই মদের বিষক্রিয়ায় পানকারীদের মধ্যে ৩২ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই খ্রিষ্টান সম্প্রদায়ভুক্ত।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তোবা টেক সিং শহর ও নিকটবর্তী ফরিদাবাদের হাসপাতালে বিষাক্ত মদ পানকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন মুসলিমও রয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মদ পান নিষিদ্ধ। আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও মদ পানের জন্য অনুমতি নিতে হয়। মদ ক্রয়-বিক্রয় খুব শক্তভাবে পর্যবেক্ষণ করা হয় বলে ঘরে তৈরি মদ পান করা পাকিস্তানে খুবই স্বাভাবিক। আর তা সঠিকভাবে পরিশোধিত না হওয়ায় অনেক সময় এতে মাত্রাতিরিক্ত বিষাক্ত মিথানল থাকে।
এর আগে চলতি বছরের অক্টোবরে পাঞ্জাবে মদ পানে ১১ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি।
/এসএ/








