কিম জং নাম হত্যার সন্দেহভাজন উত্তর কোরিয়ান রি জং শলকে ছেড়ে দিয়েছেন মালয়েশিয়ান পুলিশ। তবে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। তার দাবি, উত্তর কোরিয়ার সম্মানহানির স্বার্থেই তাকে আটক করা হয়েছিলো।
শুক্রবার তাকে বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাসে হস্তান্তর করা হয়। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেয় মালয়েশিয়ান পুলিশ। শনিবার সাংবাদিকদের সঙ্গে দূতাবাসের বাইরে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছিলেন মালয়েশিয়া।
রি জং বলেন, ‘যদি আমি সব মেনে নিতাম, তবে তারা মালয়েশিয়ায় আমাকে উন্নত জীবনযাপনের সুযোগ দিতেন। তখনই আমি বুঝতে পারি যে আমাকে ফাঁদে ফেলা হচ্ছে। আমার দেশের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে’। রি জং জানান, তিনি একজন কেমিকেল বিশেষজ্ঞ তবে মালয়েশিয়ায় তিনি সাবানের জন্য কেমিকেল আমদানি করতেন।
গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন এই উত্তর কোরিয়ান। তবে বার্তা সংস্থা রয়টার্সের মতে, গত ৬ ফেব্রুয়ারি তার বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, রি জংকে মালয়েশিয়া থেকে দুজন উত্তর কোরিয়ান কর্মকর্তা নিয়ে আসেন এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ব্ল্যাকলিস্ট করা হয়।
/এমএইচ/বিএ/








