ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সংস্কার না আনা হলে যুক্তরাজ্যের ধারাবাহিকতায় ফ্রান্সও ওই সংস্থা থেকে বের হয়ে আসতে পারে; মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সম্ভাব্য ওই পরিস্থিতিকে ফ্রেক্সিট বলে আখ্যা দিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারাভিযানের শেষ সময়ে এ মন্তব্য করলেন ইইউপন্থী ম্যাক্রোঁ। তিনি বিবিসিকে বলেছেন, ‘আমি একজন ইউরোপ-পন্থি। নির্বাচনী প্রচারের পুরোটা সময় আমি বারবার ইউরোপীয় ধারণা এবং ইউরোপীয় নীতির পক্ষে কথা বলে গেছি। কারণ আমি বিশ্বাস করি, এটি ফ্রান্সের জনগণের জন্য এবং বিশ্বায়নে আমাদের দেশের অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তবে ইইউ-এর অকার্যকারিতার প্রসঙ্গেও কথা বলেন ম্যাক্রোঁ। আর এর থেকে উত্তোরণের আবশ্যিকতা তুলে ধরেন। ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের চলমান পরিস্থিতির মোকাবেলাও করতে হবে, আমাদের জনগণের কথা শুনতে হবে। আমাদের জনগণ কি কারণে আজ এত ক্ষুব্ধ ও অধৈর্য হয়ে পড়েছে তা আমাদের শুনতে হবে। তাছাড়া, ইইউ এর অকার্যকারিতাও আর চলতে পারে না।’
গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁ ২৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান লাভ করেনে। তার প্রতিপক্ষ কট্টর-ডানপন্থি প্রার্থী পান লে পেইন ২১ দশমিক ৭ শতাংশ ভোট। আগামী ৭ মে চূড়ান্ত পর্বে ম্যাক্রোঁ আর পেইনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ফরাসিরা।
/বিএ/








