ফার্ক বিদ্রোহীদের অস্ত্র ফেরত দেওয়ার জন্য আরও সময় দিয়েছে কলম্বিয়া সরকার। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, বিদ্রোহীরা আত্মসমর্পণের জন্য আরও ২০ দিন সময় পাবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গত বছরের শান্তিচুক্তি অনুযায়ী মঙ্গলবারের মধ্যে ফার্কের সব সদস্যকে জাতিসংঘের কাছে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল।
কিউবায় চার বছরের আলোচনার পর চুক্তি অনুযায়ী, ৩০ মে’র মধ্যে ৭ হাজার সেনাকে তাদের অস্ত্র জমা দেওয়ার কথা। ফার্ক কমান্ডাররা জানান, তারা এখনও চূড়ান্ত ডেটলাইনে পৌঁছাননি।
সোমবার সান্তোস বলেন, ‘জাতিসংঘ ও ফার্কের যৌথ চুক্তি অনুযায়ী আমরা কালই অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করছি না। আমরা তাদের আরও ২০ দিন সময় দিতে চাই। বিদ্রোহীরা ক্যাম্পে ১ আগস্ট পর্যন্ত থাকতে পারেন। এরপর সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া শুরু করতে হবে।’
শান্তিচুক্তির পর হাজার হাজার বিদ্রোহী সেনা তাদের অস্ত্র জমা দিয়ে দিয়েছে। এই চুক্তির মাধ্যমে পাঁচ দশক ধরে চলা বিদ্রোহের অবসান হয়। এই উদ্যোগের কারণে প্রেসিডেন্ট সান্তোসকে গতবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সূত্র: বিবিসি।
/এমএইচ/এমপি/








