যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে। বেসরকারি জরিপ সংস্থা ইউগভ-এর জরিপে ৫০ হাজার মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে উঠে এসেছে এমন পূর্বাভাস। সংস্থাটি বলছে, ৮ জুনের সাধারণ নির্বাচনে পার্লামেন্টের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ হারাতে পারে থেরেসা মে-এর দল কনজারভেটিভ পার্টি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে গত সপ্তাহে পরিচালিত পৃথক জরিপে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। এতে দেখা যায়, নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হচ্ছে থেরেসা মে-এর দল। ধারণা করা হচ্ছে, সোমবারের টিভি বিতর্কে অপেক্ষাকৃত দুর্বল পারফরম্যান্সের কারণে পিছিয়ে পড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। ওই বিতর্কে তুলনামূলক এগিয়ে ছিলেন বিরোধীদলীয় নেতা এবং লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।
টিভি বিতর্কে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কর্তন এবং অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার মতো প্রশ্নের দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে বিতর্কে অংশ নিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, আমি একনায়ক নই; যিনি কী করতে হবে সেটা মানুষকে বলে দেন। ফলে আমি নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না। সংঘাতের বদলে আমি আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই আমি নির্বাচনে লড়ছি। থেরেসা মে-এর বদলে জেরেমি করবিন-এর এমন বক্তব্য দর্শকদের বেশি আকৃষ্ট করে।
যুক্তরাজ্যে সরকার গঠনের জন্য কোনও রাজনৈতিক দলকে অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হয়। সর্বশেষ ২০১৫ সালের সাধারণ নির্বাচনে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টিতে জয় পায় থেরেসা মে-এর দল। ইউগভ জানিয়েছে, এবারের নির্বাচনে দলটির অন্তত ২০টি আসন কমতে পারে। লেবার পার্টি গত নির্বাচনে ২৩২টি আসনে জয়লাভ করে। এবার তারা ২৫৭টি আসন পেতে পারে। তবে নির্বাচনের আগ মুহূর্তেও নাটকীয়ভাবে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। সবারই আসন আরও কমবেশি হতে পারে।
/এমপি/








