লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। ক্রিসি আর্চিব্যাল্ড নামের ওই নারী একজন কানাডিয়ান। উল্লেখ্য, হামলায় নিহতদের মধ্যে ক্রিসি প্রথম ব্যক্তি, যার নাম-পরিচয় প্রকাশ করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পরিবার সূত্রে জানিয়েছে, ঘরহারাদের নিয়ে কাজ করতেন তিনি।
লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া এবং পরবর্তীতে বোরো মার্কেট এলাকায় জঙ্গি হামলা হয়। এ ঘটনায় এখন পযন্ত ১০ জন নিহত হয়েছেন। আহত ৪৮ জনের চিকিৎসাধীন খবর জানা গেছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।
লন্ডনের হামলা এবং নিজ দেশের নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এদিকে এক বিবৃতিতে ক্রিসির পরিবার জানায়, ‘আমাদের সন্তান ও বোনের এভাবে চলে যাওয়াতে আমরা মর্মাহত। সে সবসময়ই আমাদের হৃদয়ে থাকবে।’ ইউরোপে যাওয়ার আগে তিনি ঘরহারাদের নিয়ে কাজ করতেন বলে জানায় তার পরিবার।
হামলার দায় স্বীকার করেছে আইএস। আইএস-এর কথিত নিউজ এজেন্সি আমাক-এর সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এক ক্ষুদে বার্তার মাধ্যমে এই হামলা চালিয়েছে তারা।
হামলার ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার এক বিবৃতিতে এ গ্রেফতারে বিষয়টি জানানো হয়েছে। বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/এমএইচ/বিএ/








