তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলাতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস-এসএএইচআর। শ্রীলংকাভিত্তিক মানবাধিকার সংগঠনটি সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারপারসন হিনা জিলানি এবং কো-চেয়ারপারসন ড. নিমালকা ফার্নান্দো।
বিবৃতিতে বলা হয়েছে, প্রখ্যাত মানবাধিকার আইনজীবী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষায় কাজ করা সুলতানা কামালকে গ্রেফতার, দেশ থেকে বিতাড়ন ও শারীরিকভাবে আক্রমণের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। এ হুমকির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
হেফাজতের এই দাবিকে নাগরিকদের মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন ও সমাজে উগ্রপন্থীদের প্রশ্রয় দেওয়া হিসেবে আখ্যায়িত করেছে এসএএইচআর।
বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসলামি কট্টরপন্থী গোষ্ঠী ও সংগঠনের জোট হেফাজতে ইসলাম সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সহিংসতা ও হত্যার ঘটনায় উস্কানিদাতা হিসেবে পরিচিত।
সংগঠনটি সুলতানা কামালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সুলতানা কামাল যেন সমাজের সব নাগরিকের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে পারেন সেজন্য তার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনিসহ অন্যান্য নাগরিকদের ওপর উগ্রপন্থীদের সহিংসতা, হুমকি ও ক্ষতি বন্ধ করাটা গুরুত্বপূর্ণ।
সুলতানা কামাল আঞ্চলিক এই মানবাধিকার সংগঠনটির ব্যুরো মেম্বার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর বিষয়ে টক-শো প্রচারিত হয়। ওই টক-শো’তে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল যে বক্তব্য দিয়েছেন, তার জের ধরে ২ জুন হেফাজত নেতারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। একই দিন সংগঠনের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, ‘‘সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করুন। না হয় তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দিন। সাহস কত সুলতানা কামালের! তিনি (সুলতানা কামাল) বলেছেন, ‘ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না।’ সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন, হাড্ডি-গোশত রাখা হবে না।’’ এরপর ৪ জুন ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি।
/এএ/এমপি/








