যুক্তরাজ্যের নতুন সরকার গঠন নিয়ে আলোচনায় রানীর সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার বাকিংহ্যাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। স্বামী ফিলিপি মে-কে নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বের হওয়ার সময় সংবাদিকদের মুখোমুখি হন থেরেসা মে। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, নতুন সরকার শক্তিশালী ও স্থিতিশীল হবে কি? তবে এমন প্রশ্ন এড়িয়ে যান কনজারভেটিভ পার্টির নেত্রী।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবেই রানীর সঙ্গে এ বৈঠকে মিলিত হন থেরেসা মে। এরইমধ্যে ডিইউপি থেকে তাকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে ডিউপি-র সঙ্গে জোট করে সরকার গঠনের অনুমতির জন্যই তিনি রাজপ্রাসাদে ছুটে যান।
বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি থেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দলটিকে ৩২৬টি আসনে জয় পেতে হতো। কিন্তু ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে দলটি পেয়েছে ৩১৮টি আসন। অর্থাৎ, ঝুলন্ত পার্লামেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে ডিইউপির সহায়তা নিয়ে সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন মে। পার্লামেন্ট নির্বাচনে ডিইউপি ১০টি আসনে জয়ী হয়েছে। থেরেসা মে’র সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া প্রশাসনকে ডিইউপির এমপিরা সমর্থন দেবেন এমন আশ্বাস পাওয়ার পর সরকার গঠনে উদ্যোগী হয়েছেন এ কনজারভেটিভ নেতা।
/এমপি/








