নিজের হাতেই নিজের গড়ে তোলা বাড়ি গুঁড়িয়ে দিতে দুই ফিলিস্তিনি পরিবারের প্রতি নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দুই ঘণ্টার মধ্যে নিজ নিজ বাড়ি গুঁড়িয়ে দিতে ব্যর্থ হলে তাদের ৮০ হাজার শেকেল জরিমানার হুমকি দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৪৭ হাজার ৪২২ টাকা। ফলশ্রুতিতে বাধ্য হয়ে চোখের পানি নিয়েই নিজ নিজ বাড়ি ভেঙে ফেলেন পরিবারের সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাঙতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। গুরুতর অবস্থায় ফাওয়াকা নামের একজন গৃহকর্তার পুত্রকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে এমন বর্বরোচিত আচরণের শিকার হয় হতভাগ্য দুই পরিবারের সদস্যরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলি বাহিনীর দাবি, সুর বাহির এলাকায় ওই বাড়ি নির্মাণে যথাযথ অনুমতি নেওয়া হয়নি। তবে ইসরায়েলের বাস্তবতায় সেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর নির্মাণের অনুমতি পাওয়া প্রায় অসম্ভব।
হতভাগ্য দুই গৃহকর্তার একজন ফাওয়াকা বলেন, জেরুজালেম পৌরসভা থেকে এই নির্মাণকাজের অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমার আবেদন প্রত্যাখ্যান করে।
জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, শুধু ২০১৬ সালেই ফিলিস্তিনিদের ১৯০টি ঘরবাড়ি ভেঙে দেয় ইসরায়েলি বাহিনী।
/এমপি/








