পাকিস্তানে ‘পরিবর্তন ও বিপ্লব’ এর ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইসলামাবাদ থেকে চারদিনের ‘বাড়ি ফেরা শোভাযাত্রা’ শেষে শনিবার (১২ আগস্ট) লাহোর পৌঁছানোর পর এ আহ্বান জানান তিনি।
ইসলামাবাদ থেকে গত বুধবার শুরু হয় নওয়াজ শরিফের ‘বাড়িফেরা শোভাযাত্রা’। চারদিন ধরে ৩৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শনিবার লাহোর পৌঁছান তারা। যাত্রাপথে বেশ কয়েকটি সমাবেশ করেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার গ্রান্ড ট্রাংক রোডে পৌঁছালে নওয়াজকে এক নজর দেখতে জড়ো হন কয়েক হাজার মানুষ। পরে লাহোরে দাতা দরবারে সমাবেশ করেন নওয়াজ। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নওয়াজ দাবি করেন, সুপ্রিমকোর্টে তাকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণার রায়টি যে জনগণ মেনে নিতে পারেনি তা তিনি যাত্রাপথে সমাবেশ করার সময় বুঝতে পেরেছেন। তার পরবর্তী পদক্ষেপ নেওয়া পর্যন্ত সমর্থকদের অপেক্ষা করতে বলেন নওয়াজ্ তবে তিনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন তা ব্যাখ্যা করেননি।
তার শাসনে দেশের অগ্রগতি হচ্ছিল দাবি করে ওই অবস্থায় অযোগ্য ঘোষণা করা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের ভোটের প্রতি অসম্মান দেখিয়ে যারা আমাকে ক্ষমতাচ্যুত করেছে এ দেশ কেবল তাদের মতো গুটিকয়েক মানুষের নয়, এ দেশ ২০ কোটি জনগণের। যারা আমাকে অযোগ্য ঘোষণা করেছে তারা কারা? তারা নিজেরা কি যোগ্য?’
এর আগে শনিবার পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে মুরিদকে শহরে পৌঁছানোর পর এক জনসভায় দেওয়া ভাষণে নওয়াজ শুরুতেই সমর্থকদের বলেন, ‘হতাশ হবেন না। ভয় পাওয়ার কিছু নেই। এই পরাজয় তাদের, যারা ৭০ বছর ধরে জাতিকে জিম্মি করে রেখেছে।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘নওয়াজ শরিফ আপনাদের কাছে এসেছে। আপনারা কি তাকে প্রধানমন্ত্রী করে ইসলামাবাদে পাঠাননি? কিন্তু তাকে অন্য কেউ উৎখাত করেছে। এই সিদ্ধান্ত কি আপনাদের কাছে গ্রহণযোগ্য?’ নওয়াজ সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘বিপ্লব হওয়া কি উচিত নয়? আপনারা কি বিপ্লবের জন্য প্রস্তুত?’
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজ পাকিস্তান মুসলিম লীগ (এন) এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । শুক্রবার ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এনএ-১২০ আসনে প্রার্থী হলেন নওয়াজপত্নী। অন্যদিকে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইর পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন ড. ইয়াসমিন রশিদ।
/এফইউ/








