প্রধানমন্ত্রী পদের 'অযোগ্য' ঘোষিত হয়ে পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূণ্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দলীয় পরিচয়ে মুসলিম লীগ (নওয়াজ) থাকায় কুলসুমের প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নির্বাচন কমিশন বা ইসিতে জমা দেওয়া কুলসুমের মনোনয়নপত্রকে চ্যালেঞ্জ করে এক আইনজীবী পিটিশন দায়ের করেছেন। অ্যাডভোকেট সরফরাজ নামের ওই আইনজীবী পিটিশনে বলেন, অযোগ্য ব্যক্তির নামে যে দল, সেখান থেকে কেউ প্রার্থী হতে পারবে না।
লাহোর-১২০ আসন থেকে উপ নির্বাচনে অংশ নেয়ার জন্য কুলসুমের প্রার্থিতার বিরুদ্ধে পিটিশনে অ্যাডভোকেট সরফরাজ বলেছেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট নওয়াজ শরীফকে অসততার জন্য প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে। সেই ব্যক্তির নামে নির্বাচন কমিশনে মুসলিম লীগ (নওয়াজ) দলের রেজিস্ট্রেশন করা রয়েছে। কিন্তু আদালত যাকে অযোগ্য ঘোষণা করায় তার নামে রেজিস্ট্রেশন করা কোনো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এ প্রেক্ষাপটে কুলসুম নওয়াজের মনোনয়ন বাতিল করতে হবে।
অ্যাডভোকেট সরফরাজের দাবি- সুপ্রিম কোর্টের রায় অনুসারে নির্বাচনে ‘নওয়াজ শরিফ’ নামটি ব্যবহার করা যাবে না। গত নির্বাচনের সময় মনোনয়নপত্রে নওয়াজ শরীফ তার সম্পদের পূর্ণ তথ্য দেন নি -এমন অভিযোগে কথিত পানামা পেপার্স মামলায় দেশটির সুপ্রিম কোর্ট সম্প্রতি নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে।
/বিএ/








